রাষ্ট্রীয় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডে (ইডিসিএল) কর্মরত গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌর মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহজাবিন আক্তার মুক্তির পদবি পরিবর্তন ও সুবিধাজনক পদে পদায়ন নিয়ে নানা প্রশ্ন উঠেছে। ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা বরকতুল রইসের সুপারিশে তাঁকে এ পদোন্নতি ও পদায়ন দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, টুঙ্গিপাড়া পৌর মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহজাবিন আক্তার মুক্তি ইডিসিএলে ভান্ডার সাহায্যকারী হিসেবে কর্মরত ছিলেন। অভিযোগ উঠেছে, সোমবার (২৩ নভেম্বর ২০২৬) তাঁর পদবি পরিবর্তন ও হালনাগাদ করে ‘প্রোডাক্ট ডেভেলপমেন্ট ক্লার্ক’ পদে পদায়ন করা হয়। এ প্রক্রিয়ায় এমডি দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা বরকতুল রইস সরাসরি সুপারিশ করেছেন বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র ও প্রতিষ্ঠানের সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের একাংশ জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মেহজাবিন আক্তার মুক্তির বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি, মিছিল ও সভা-সমাবেশে সক্রিয় অংশগ্রহণের ছবি ও পোস্ট রয়েছে। এমন রাজনৈতিক পরিচয়ের একজন কর্মচারীকে নিয়মিত পদোন্নতির প্রক্রিয়া অনুসরণ না করে বিশেষ বিবেচনায় পদবি পরিবর্তন করে সুবিধাজনক পদে পদায়ন করায় প্রতিষ্ঠানের ভেতরে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। ভান্ডার সাহায্যকারী পদ থেকে প্রোডাক্ট ডেভেলপমেন্ট ক্লার্ক পদে পদায়নের ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রচলিত নিয়োগবিধি, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং পদোন্নতির নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।
সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারি অর্থায়নে পরিচালিত একটি গুরুত্বপূর্ণ ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানে নিয়োগ, পদোন্নতি ও পদায়নের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন প্রতিষ্ঠানের সাধারণ কর্মচারীরা।

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন