রাষ্ট্রীয় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডে (ইডিসিএল) নিয়োগে স্বজনপ্রীতি, বদলি বাণিজ্য, টেন্ডার ও ক্রয়প্রক্রিয়ায় অনিয়ম এবং প্রশাসনিক ক্ষমতার অপব্যবহারের একাধিক গুরুতর অভিযোগ উঠেছে। এসব অভিযোগের কেন্দ্রে রয়েছেন প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজার শামীম আহমেদ। সম্প্রতি তাঁকে বগুড়ায় বদলি করা হলেও প্রতিষ্ঠানের ভেতরে ‘তুষার-রফিক-সেলিম জাবেদ সিন্ডিকেট’ নামে পরিচিত প্রভাবশালী চক্রটির কার্যক্রম এখনো সক্রিয় রয়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ‘জুলাই যোদ্ধা’-এর পরিচয় সামনে রেখে শামীম আহমেদ তাঁর শ্বশুরবাড়ির এক নিকটাত্মীয়কে (ভায়রা) নিয়মবহির্ভূতভাবে চাকরিতে নিয়োগ পাইয়ে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। প্রাপ্ত নিয়োগপত্র অনুযায়ী, ছাব্বির আহমেদ নামের ওই ব্যক্তিকে গত ১১ অক্টোবর ২০২৬ তারিখে ইডিসিএলের বগুড়া কারখানায় ‘সহকারী প্রোডাকশন কর্মকর্তা (ইলেকট্রিক্যাল)’ পদে যোগদানের নির্দেশনা দেওয়া হয়। নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও নির্বাচনী প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা।
এদিকে বগুড়ায় বদলি হওয়ার পরও শামীম আহমেদ প্রতিষ্ঠানের নিয়ম ভেঙে সরকারি গাড়ি ব্যবহার করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ অনুযায়ী, তিনি ঢাকা মেট্রো-চ ৫৬-৫২৭০ নম্বরের একটি সরকারি গাড়িতে করে বগুড়া কার্যালয়ে যোগদান করতে যান এবং পরবর্তীতে একই গাড়িতে ঢাকায় ফিরে আসেন। বদলিজনিত ব্যক্তিগত যাতায়াতে প্রতিষ্ঠানের গাড়ি ব্যবহারের বৈধতা ও অনুমোদনের বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। জানা গেছে, ওই গাড়ির চালক নাসির আওয়ামী লীগ-সমর্থিত বি-২১৩৭ সিবিএর একজন সক্রিয় সদস্য ছিলেন।
অভিযোগকারীদের দাবি, শামীম আহমেদ বগুড়ায় বদলি হলেও ইডিসিএলের প্রধান কার্যালয়ে কথিত ‘তুষার-রফিক-সেলিম জাবেদ সিন্ডিকেট’-এর প্রভাব এখনো অটুট রয়েছে। এই চক্রে বরকতুল রইস তুষার, ব্যবস্থাপনা পরিচালকের দপ্তরের ডেপুটি ম্যানেজার রফিকুল ইসলাম, ক্রয় কর্মকর্তা সেলিম জাবেদ ও সরোয়ার এবং কোয়ালিটি অ্যাস্যুরেন্স বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) মোহাম্মদ ইসমাইল সক্রিয় ভূমিকা পালন করছেন বলে অভিযোগ উঠেছে। পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে তাঁরা প্রতিষ্ঠানের দরপত্র মূল্যায়ন, কার্যাদেশ প্রদান এবং বদলি-পদায়ন নিয়ন্ত্রণ করছেন। এ ছাড়া প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুতি ও শাস্তিমূলক বদলির ভয় দেখানোর অভিযোগও রয়েছে।
বিভিন্ন গণমাধ্যমে এসব অনিয়মের সংবাদ প্রকাশিত হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেওয়ায় ইডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুজ্জামানের ভূমিকা নিয়েও সংশ্লিষ্ট মহলে প্রশ্ন দেখা দিয়েছে। রাষ্ট্রীয় এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে নিয়োগ নথি, বদলি আদেশ, দরপত্র রেকর্ড এবং সরকারি গাড়ি ব্যবহারের লগবুক যাচাইয়ের মাধ্যমে একটি নিরপেক্ষ ও উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন