থাইল্যান্ড যাওয়ার পথে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাসের আলম সিদ্দিকী নামে ঝিনাইদহ জেলা আওয়ামী যুবলীগের এক সদস্যকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। জাতীয় দৈনিক রুপালী বাংলাদেশ সূত্রে জানা যায় । সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাসের আলম সিদ্দিকী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের একজন সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা ও নাশকতামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থান চলাকালে আন্দোলন দমনে তিনি সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছিলেন বলে অভিযোগ করা হয়েছে।
সূত্র জানায়, তার বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে পাঁচটি মামলা রয়েছে। তিনি ঝিনাইদহ-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য তাহজিব আলম সিদ্দিকীর চাচা।
এ ছাড়া ভারতে অবস্থানরত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে তার যোগাযোগ রয়েছে বলে জানা গেছে। যশোর ও ঝিনাইদহ সীমান্ত ব্যবহার করে তিনি ভারতে যাতায়াত করতেন বলেও অভিযোগ রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের সংগঠিত করার ক্ষেত্রেও সক্রিয় ভূমিকা পালন করছিলেন বাসের আলম সিদ্দিকী।
থাইল্যান্ড যাওয়ার সময় বিমানবন্দরে আটকের পর তার বিরুদ্ধে থাকা মামলাগুলো এবং রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয়টি সামনে এসেছে। তবে আটকের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য ও পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন