চট্টগ্রামে জনতা ব্যাংকের লালদীঘি ইস্ট করপোরেট শাখা থেকে ঋণ জালিয়াতির মাধ্যমে ১৯৮ কোটি ৪৮ লাখ ৯ হাজার টাকা আত্মসাতের অভিযোগে নয়জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আসামিদের মধ্যে রয়েছেন জাহাজভাঙা ও পুনর্ব্যবহারকারী প্রতিষ্ঠান রিনপুর শিপ রি-সাইক্লিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের তিন কর্মকর্তা এবং জনতা ব্যাংকের ছয় কর্মকর্তা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এর সহকারী পরিচালক সৈয়দ আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বুধবার (১৮ নভেম্বর) মামলাটি নথিভুক্ত করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, আসামিরা পরস্পর যোগসাজশে ঋণ মঞ্জুরির শর্ত লঙ্ঘন করে এবং বিধিবহির্ভূতভাবে ঋণসুবিধা তৈরি করে বিপুল পরিমাণ অর্থ উত্তোলন করেন। এতে ব্যাংকের অর্থ আত্মসাতের ঘটনা ঘটে বলে দুদকের অভিযোগ।
এজাহারে বলা হয়, ২০১২ সালের ৪ মার্চ জনতা ব্যাংকের লালদীঘি ইস্ট করপোরেট শাখায় রিনপুর শিপ রি-সাইক্লিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নামে একটি চলতি হিসাব খোলা হয়। পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটির অনুকূলে ৩০০ কোটি টাকার এলসি (ঋণপত্র) সীমা অনুমোদন করা হয়। তবে ঋণ অনুমোদনের সময় কয়েকটি শর্ত আরোপ করা হয়েছিল। এর মধ্যে প্রতিষ্ঠানের পরিচালকদের ব্যক্তিগত গ্যারান্টি ও গ্রুপ অব কোম্পানির করপোরেট গ্যারান্টি গ্রহণ, পূর্বের বকেয়া দায় আদায় এবং নির্ধারিত শর্ত পূরণের বিষয়গুলো ছিল।
দুদকের অভিযোগ, ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা এসব শর্ত যথাযথভাবে অনুসরণ না করে ঋণপত্র খোলার জন্য প্রয়োজনীয় নথি উপস্থাপন ও অনুমোদন করেন। এমনকি বিধিবহির্ভূতভাবে ভাউচার তৈরি করে এলটিআর (লোন এগেইনস্ট ট্রাস্ট রিসিপ্ট) ঋণসীমা সৃষ্টি করা হয়।
এভাবে ২০১৫ ও ২০১৬ সালে তিনটি এলসি এবং দুটি এলটিআর হিসাবের মাধ্যমে মোট ১৯৮ কোটি ৪৮ লাখ ৯ হাজার টাকা উত্তোলন করা হয়। এ অর্থ আত্মসাতে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালকদের পাশাপাশি ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা সহায়তা করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
মামলার আসামিরা হলেন—রিনপুর শিপ রি-সাইক্লিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাকসুদুর রহমান, পরিচালক মো. ইউনুচ ভুঁইয়া ও পরিচালক শামসুন্নাহার। অন্য ছয়জন হলেন জনতা ব্যাংকের কর্মকর্তা কাজী আবুল কাশেম, মোহাম্মদ মুহিব উল্লাহ, হরিসাধন দেব, মো. নুরুল মোস্তফা, মো. আবুল মনছুর ও মোহাম্মদ মোবারকুল ইসলাম। তাঁদের মধ্যে মোবারকুল ইসলাম বর্তমানে সাময়িক বরখাস্ত রয়েছেন।
এজাহারে আরও বলা হয়, ২০১৭ সালের ১৮ জুন জনতা ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ অডিট অ্যান্ড ইনস্পেকশন বিভাগের একটি নিরীক্ষা প্রতিবেদন তৈরি করা হয়। ওই প্রতিবেদনে এলসি ও সংশ্লিষ্ট ঋণসুবিধা ব্যবস্থাপনায় অনিয়মের বিষয় উঠে আসে। পরবর্তী সময়ে দুদকের অনুসন্ধানেও এসব অনিয়মের সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে।
দুদকের তথ্য অনুযায়ী, বর্তমানে জনতা ব্যাংকের লালদীঘি ইস্ট করপোরেট শাখায় প্রতিষ্ঠানটির নামে সৃষ্ট ঋণের মোট দায় দাঁড়িয়েছে ৩০৫ কোটি ১২ লাখ টাকা। ২০১৬ সালে ব্যাংকের মূল্যায়নে বন্ধক রাখা জমি ও যন্ত্রপাতিসহ সম্পদের মূল্য ছিল ১৮৭ কোটি ৬১ লাখ ৩০ হাজার ৬১২ টাকা।
ঋণের বিপরীতে পর্যাপ্ত জামানত নেওয়া হয়েছিল কি না এবং পুরো ঋণ প্রক্রিয়ায় আরও কোনো অনিয়ম হয়েছে কি না, তা মামলার তদন্তে খতিয়ে দেখা হবে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় দণ্ডবিধি, ১৮৬০-এর ৪২০/৪০৯/১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা করেছে দুদক।

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন