কাঠবোঝাই ট্রাক আটকে ৪ লাখ টাকা আদায়ের অভিযোগে আলোচিত বন কর্মকর্তা মো. নাজমুল হাসানের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এক কাঠ ব্যবসায়ী। ব্যাংকের মাধ্যমে এক নারীর একাউন্টে ওই টাকা জমা দেওয়ার অভিযোগের পর এবার বিষয়টি গড়িয়েছে থানায়।
গত ১৫ নভেম্বর চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানায় জিডি করেন বারইয়ারহাট এলাকার কাঠ ব্যবসায়ী মো. সিরাজ দৌলা। এতে কুমিল্লা বন বিভাগের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুয়াগাজি চেকস্টেশনের কর্মকর্তা নাজমুল হাসান ছাড়াও আবুল কালাম বাবুল ও শাহ আলমকে বিবাদী করা হয়েছে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল হালিম জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।
জিডির অভিযোগ অনুযায়ী, গত ৫ অক্টোবর সকালে এক ট্রাক কাঠ নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন সিরাজ দৌলা। কুমিল্লার সুয়াগাজি চেকস্টেশনে পৌঁছালে তাঁর ট্রাকটি থামানো হয়। গাড়িটির নম্বর চট্টগ্রাম মেট্রো-ট-১২-১৪৭৫। পরে চেকিংয়ের নামে চলে দর-কষাকষি। একপর্যায়ে ৪ লাখ টাকার বিনিময়ে ট্রাক ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
এই টাকা ব্যাংকের মাধ্যমে ওই টাকা পাঠানো হয়। সিরাজ দৌলা বলেন, সাউথইস্ট ব্যাংকের বারইয়ারহাট শাখা থেকে আরটিজিএসের মাধ্যমে ন্যাশনাল ব্যাংকের ঢাকার মালিবাগ শাখায় আমেনা ফেরদৌস নামে এক নারীর ব্যাংক হিসাবে ৪ লাখ টাকা জমা দেন তিনি। তবে ওই নারীকে ব্যক্তিগতভাবে চেনেন না বলে জানিয়েছেন এই ব্যবসায়ী।
ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী, ২৫ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত মাত্র ১০ দিনে হিসাবটিতে ২৬ লাখ ৩০ হাজার টাকা লেনদেন হয়েছে। এর মধ্যে ৫ অক্টোবর সিরাজ দৌলার পাঠানো চার লাখ টাকা জমা হওয়ার তথ্য রয়েছে। একই সময়ে ওই হিসাবে আরও প্রায় ১৫ লাখ টাকা জমা পড়ে।
ব্যবসায়ীদের অভিযোগ, সুয়াগাজি চেকস্টেশন ঘিরে কাঠবোঝাই ট্রাক আটকে অর্থ আদায়ের ঘটনা দীর্ঘদিনের। বৈধ কাগজপত্র থাকার পরও বিভিন্ন অজুহাতে ট্রাক আটকে দুই থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত দাবি করা হয়। টাকা না দিলে মামলা দিয়ে গাড়ি ও কাঠ আটকে রাখার ভয় দেখানো হয়। এ কাজে বন বিভাগের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর পাশাপাশি একটি ব্যক্তিগত গাড়ি ব্যবহারের অভিযোগও রয়েছে।
এ বিষয়ে আমেনা ফেরদৌসীর সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কিছু জানেন না বলে জানান। তার পেশা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি নিজেকে গৃহিণী বলে পরিচয় দেন। তার ব্যাংক একাউন্টে এত টাকা লেনদেনের কথা জিজ্ঞেস করা হলে তিনি উত্তর না দিয়ে ফোনটি কেটে দেন। ন্যাশনাল ব্যাংকের মালিবাগ শাখার ব্যবস্থাপক রাকিব উদ্দিন এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
এ বিষয়ে বন কর্মকর্তা নাজমুল হাসানের সাথে যোগাযোগ করলে তিনি জানান এ বিষয়ে তিনি কিছু জানেন না এবং থানার জিডির বিষয় তিনি অবগত না।
বাদি সিরাজ দৌলার অভিযোগ, শুধু চার লাখ টাকা আদায়ই নয়, আমেনা ফেরদৌসের নামে তিনটি স্ট্যাম্পে জোর করে তাঁর স্বাক্ষর নেওয়া হয়েছে। তিনি বলেন, ওই নারীকে তিনি চেনেন না। অথচ তাঁর কাছ থেকেই ওই নারীর ব্যাংক হিসাবে টাকা পাঠানো হয়েছে।

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন