যুক্তরাষ্ট্রে নিজেদের সহযোগী প্রতিষ্ঠানের কাছে ওষুধ রপ্তানি করে প্রায় ৬৮ লাখ মার্কিন ডলার দেশে ফেরত আনেনি এসিআই হেলথকেয়ার লিমিটেড। টাকা যা প্রায় সাড়ে ৮৪ কোটি । ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রে অবস্থিত এসিআই হেলথকেয়ার ইউএসএর কাছে প্রায় ১ কোটি ৩০ লাখ ডলারের ওষুধ রপ্তানি করেছে। কিন্তু কয়েক বছর পেরিয়ে গেলেও রপ্তানি আয়ের বড় একটি অংশ দেশে আসেনি। রপ্তানি-সংক্রান্ত নথি পর্যালোচনায় এমন তথ্য পাওয়া গেছে।
অনুসন্ধানে পাওয়া নথির নমুনা হিসেবে চারটি চালানের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, এসব চালানের বিপরীতেই বকেয়া রয়েছে ১০ লাখ ৩১ হাজার ৯৭ ডলার ১৫ সেন্ট। চালানগুলোর তিনটি ২০২৩ ও ২০২৪ সালের এবং অন্যটি ২০২৫ সালের। অর্থাৎ, একাধিক বছর ধরে রপ্তানি আয় দেশে প্রত্যাবাসন না হওয়ার বিষয়টি নথিতে উঠে এসেছে।
রপ্তানি আয়ের অর্থ দেশে ফেরত আনার ক্ষেত্রে সংশ্লিষ্ট অনুমোদিত ডিলার (এডি) ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের তদারকির ভূমিকা রয়েছে। কিন্তু এত বিপুল পরিমাণ অর্থ বকেয়া থাকার পর তা আদায়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সংশ্লিষ্ট ব্যাংকগুলো কীভাবে বিষয়টি অনুসরণ করেছে এবং নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংক কী ব্যবস্থা নিয়েছে—এসব প্রশ্নের স্পষ্ট উত্তর পাওয়া যায়নি। তবে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
এসিআই হেলথকেয়ার লিমিটেডের রপ্তানি-সংক্রান্ত নথি অনুযায়ী, বাণিজ্যিক ব্যাংক অব সিলন পিএলসির মাধ্যমে প্রক্রিয়াকৃত ২০২৪ সালের দুটি চালানের বিপরীতে যথাক্রমে ২ লাখ ৪৬ হাজার ৮০৯ ডলার ৭২ সেন্ট এবং ৩ লাখ ১২ হাজার ১২০ ডলার ২৩ সেন্ট বকেয়া দেখানো হয়েছে।
প্রাইম ব্যাংক পিএলসির বৈদেশিক মুদ্রা শাখার নথিতে ২০২৩ সালের একটি চালানের বিপরীতে ২ লাখ ৯৬ হাজার ৪০৩ ডলার ৩ সেন্ট বকেয়া রয়েছে। অন্যদিকে, পূবালী ব্যাংক পিএলসির মহাখালী করপোরেট শাখার নথিতে ২০২৫ সালের একটি চালানের বিপরীতে ১ লাখ ৭৫ হাজার ৭৬৪ ডলার ১৭ সেন্ট বকেয়ার তথ্য পাওয়া গেছে। ওই নথিতে রপ্তানিকারককে চিঠি দেওয়ার কথাও উল্লেখ রয়েছে।
চারটি চালানের নথিতে দেখানো বকেয়ার পরিমাণ সব মিলিয়ে ১০ লাখ ৩১ হাজার ৯৭ ডলার ১৫ সেন্ট। তবে এটি নমুনা হিসেবে পাওয়া চারটি চালানের হিসাব; সব চালানের পূর্ণাঙ্গ হিসাব নয়।
বকেয়া আদায়ে ব্যাংকগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন
রপ্তানি আয় দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় অনুমোদিত ডিলার বা এডি ব্যাংকের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে রপ্তানি মূল্য দেশে না এলে ব্যাংকের পক্ষ থেকে রপ্তানিকারকের সঙ্গে যোগাযোগ, বকেয়া আদায়ে তাগাদা এবং প্রয়োজন অনুযায়ী নিয়ন্ত্রক সংস্থাকে অবহিত করার বিষয়গুলো গুরুত্বপূর্ণ।
এ বিষয়ে বাণিজ্যিক ব্যাংক অব সিলন, প্রাইম ব্যাংক ও পূবালী ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁরা কোনো বক্তব্য দিতে রাজি হননি।
অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, রপ্তানি আয় দেশে ফিরিয়ে আনার সময়সীমা বাড়াতে একাধিকবার আবেদন করেছে এসিআই হেলথকেয়ার। প্রথম দিকে কয়েক দফায় ব্যাংক কর্তৃপক্ষ সময় বাড়ায়। কিন্তু এরপরও রপ্তানি আয় দেশে না আসায় পরবর্তী সময়ে আরও সময় বাড়ানোর আবেদন বাংলাদেশ ব্যাংক অনুমোদন করেনি বলে জানা গেছে।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, কোন চালানের জন্য কখন সময় বাড়ানোর আবেদন করা হয়েছিল, কোন আবেদন অনুমোদিত বা প্রত্যাখ্যাত হয়েছে এবং সিদ্ধান্তের কারণ কী—এসব মূল নথি যাচাই ছাড়া নিশ্চিত করা সম্ভব নয়। এ জন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলোর কাছে চালানভিত্তিক বকেয়ার বর্তমান হিসাব, রপ্তানিকারককে পাঠানো চিঠি, পাওয়া জবাব এবং অর্থ আদায়ের উদ্যোগ সম্পর্কে জানতে হবে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের কাছে থাকা আবেদন, সিদ্ধান্ত ও রপ্তানি আয় প্রত্যাবাসনের রেকর্ডও যাচাই করা প্রয়োজন।
একই গ্রুপের প্রতিষ্ঠানে রপ্তানি, মূল্য নির্ধারণেও নজরদারি জরুরি
এই লেনদেনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, বাংলাদেশের রপ্তানিকারক এসিআই হেলথকেয়ার লিমিটেড এবং যুক্তরাষ্ট্রের আমদানিকারক এসিআই হেলথকেয়ার ইউএসএর মধ্যে ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। অর্থাৎ, একই গ্রুপের প্রতিষ্ঠানের মধ্যে এ রপ্তানি হয়েছে।
একই গ্রুপের দুটি প্রতিষ্ঠানের মধ্যে বাণিজ্যিক লেনদেন হওয়া নিজে কোনো অনিয়মের প্রমাণ নয়। তবে এ ধরনের লেনদেনে পণ্যের মূল্য নির্ধারণ, অর্থ পরিশোধের শর্ত, বকেয়া আদায়ে উদ্যোগ এবং শুল্ক-করসংক্রান্ত হিসাব যথাযথভাবে যাচাই করা প্রয়োজন।
খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, যুক্তরাষ্ট্রে অবস্থিত সহযোগী প্রতিষ্ঠানের কাছে রপ্তানির ক্ষেত্রে পণ্যের মূল্য কীভাবে নির্ধারণ করা হয়েছে, চুক্তিতে অর্থ পরিশোধের সময়সীমা কত ছিল এবং বিলম্বের কারণ কী—এসব বিষয় অনুসন্ধানে গুরুত্ব পাওয়া উচিত। এ জন্য দুই প্রতিষ্ঠানের মধ্যকার বাণিজ্যিক চুক্তি, ইনভয়েস, পণ্যের পরিমাণ ও একক মূল্য, অর্থ পরিশোধের শর্ত এবং উভয় প্রতিষ্ঠানের হিসাবের মধ্যে সামঞ্জস্য যাচাই করা প্রয়োজন। রপ্তানি ঘোষণায় উল্লেখ করা মূল্য ও প্রতিষ্ঠানের হিসাবের মধ্যে কোনো অমিল থাকলে তার ব্যাখ্যাও নেওয়া জরুরি।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে সংশ্লিষ্ট চালানের শুল্ক ঘোষণা, পণ্যের বিবরণ, পরিমাণ ও ঘোষিত মূল্য যাচাই করা যেতে পারে। একই সঙ্গে প্রযোজ্য করবিধি এবং সংশ্লিষ্ট পক্ষের মধ্যে লেনদেনের ক্ষেত্রে প্রযোজ্য বিধান অনুসরণ করা হয়েছে কি না, তাও খতিয়ে দেখা প্রয়োজন।
এ বিষয়ে এসিআই গ্রুপের বক্তব্য জানতে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানটির কোম্পানি সেক্রেটারি মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘এসিআই গ্রুপ বাংলাদেশের বৃহত্তর শিল্পপ্রতিষ্ঠান। দেশের উন্নয়নে আমরা যথেষ্ট ভূমিকা রাখি। এ বিষয়ে আমরা ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।’
অন্যদিকে, বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘বিষয়টি নিয়ে আমাদের তদন্ত চলমান রয়েছে। তদন্ত চলমান অবস্থায় এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে পারছি না। তদন্ত শেষে অবশ্যই বিস্তারিত জানাব।’
এসিআই গ্রুপের বিভিন্ন আর্থিক অসঙ্গতি, বৈদেশিক বাণিজ্যের আড়ালে অর্থ আটকে রাখা এবং অর্থ পাচার-সংক্রান্ত অভিযোগ নিয়ে চার পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের আজ প্রথম পর্ব প্রকাশিত হলো। পরবর্তী পর্বগুলোতে উঠে আসবে এসব অভিযোগের নেপথ্যের আরও তথ্য, নথি ও সংশ্লিষ্টদের বক্তব্য। চোখ রাখুন……

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন