পবিত্র হজের খুতবা চলতি বছরও বাংলাসহ বিশ্বের ৫০টি ভাষায় অনুবাদ ও সম্প্রচার করা হবে। এর মাধ্যমে টানা সপ্তমবারের মতো বাংলা ভাষায় হজের খুতবা শুনতে পারবেন বিশ্বের বাংলা ভাষাভাষী মুসলমানরা।
সৌদি আরবের পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববীর তত্ত্বাবধানকারী জেনারেল প্রেসিডেন্সির অধীনে পরিচালিত এ কার্যক্রমে এবার বাংলা অনুবাদ দলের দায়িত্ব পালন করবেন চার বাংলাদেশি। তারা হলেন ড. মুহাম্মদ খলীলুর রহমান, ড. আ ফ ম ওয়াহিদুর রহমান, মুবিনুর রহমান ফারুক এবং নাজমুস সাকিব।
জানা গেছে, অনুবাদ কার্যক্রমে যুক্ত চারজনই মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। বাংলা বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন ড. মুহাম্মদ খলীলুর রহমান।
তিনি জানান, আরাফাতের ময়দান থেকে প্রচারিত হজের খুতবা বাংলাসহ বিভিন্ন ভাষায় অনুবাদ করে সম্প্রচার করা হবে। অনুবাদ কার্যক্রমে পুরো দল অংশ নিলেও উপস্থাপনায় সাধারণত দুজন দায়িত্ব পালন করেন। তিনি এর আগে একাধিকবার হজের খুতবার বাংলা অনুবাদ উপস্থাপনা করেছেন।
ড. মুহাম্মদ খলীলুর রহমান দীর্ঘদিন সৌদি ইন্টারন্যাশনাল রেডিওতে অনুবাদক ও সংবাদ উপস্থাপক হিসেবে কাজ করেছেন। তিনি পবিত্র হজ, জুমার খুতবা এবং হারামাইনের বিভিন্ন ধর্মীয় আলোচনার অনুবাদ ও উপস্থাপনার সঙ্গে যুক্ত রয়েছেন। তার বাড়ি কুমিল্লার শাসনগাছায়। ১৯৯২ সালে তিনি ধামতী ইসলামিয়া কামিল মাদরাসা থেকে কামিল পরীক্ষায় সারা দেশে প্রথম স্থান অর্জন করেন।
তিনি বলেন, হজের খুতবা অনুবাদ কার্যক্রম অত্যন্ত সম্মানজনক একটি দায়িত্ব। এর মাধ্যমে বাংলাভাষী মুসলমানদের কাছে ইসলামের সুমহান বার্তা পৌঁছে দেওয়া হয়। একজন বাংলাদেশি হিসেবে নিজ ভাষায় হজের খুতবা শোনার সুযোগ নিঃসন্দেহে গৌরবের বিষয়।
আগামী ২৬ মে (৯ জিলহজ) পবিত্র আরাফাতের ময়দানে অনুষ্ঠিত হবে হজের অন্যতম গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা ‘উকুফে আরাফাহ’। ওই দিন মসজিদে নামিরা থেকে লাখো হাজির উদ্দেশে খুতবা প্রদান করবেন শায়খ ড. আলী বিন আবদুর রহমান আল-হুজাইফি। খুতবাটি বিশ্বের বিভিন্ন ভাষায় সরাসরি অনুবাদ ও সম্প্রচার করা হবে।
সৌদি বার্তা সংস্থার তথ্যমতে, ২০১৮ সালে সালমান বিন আবদুল আজিজ-এর বিশেষ নির্দেশনায় আরাফাতের খুতবা অনুবাদ প্রকল্প চালু হয়। প্রথমে পাঁচটি ভাষায় সম্প্রচার শুরু হলেও পরবর্তীতে ভাষার সংখ্যা ধারাবাহিকভাবে বৃদ্ধি পায়।
বাংলা ভাষা প্রথম যুক্ত হয় ২০২০ সালে। সে বছর ১০টি ভাষায় হজের খুতবা অনুবাদ করা হয় এবং প্রথমবার বাংলা অনুবাদের দায়িত্ব পালন করেন ড. আ ফ ম ওয়াহিদুর রহমান। এরপর প্রতি বছরই বাংলা ভাষায় খুতবার অনুবাদ সম্প্রচার অব্যাহত রয়েছে।
বর্তমানে শুধু আরাফাতের খুতবাই নয়, বরং জুমার খুতবা, দুই ঈদের খুতবা, বৃষ্টির নামাজ (সালাতুল ইসতিসকা), সূর্য ও চন্দ্রগ্রহণের নামাজের খুতবা এবং হজ-ওমরাহ বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনাও একাধিক ভাষায় অনুবাদ করা হচ্ছে।
আরবিতে উপস্থাপিত হজের খুতবার অনুবাদ বাংলাসহ বিভিন্ন ভাষায় সম্প্রচার করা হয়। এরমধ্যে রয়েছে ফ্রেঞ্চ, মালয়, উর্দু, ফারসি, চাইনিজ, তুর্কি, রাশিয়ান, হাউসা, ইংরেজি, সুইডিশ, স্প্যানিশ, সোয়াহিলি, আমহারিক, ইটালিয়ান, পর্তুগিজ, বসনিয়ান, মালায়লাম, ফিলিপিনো, জার্মান ইত্যাদি। সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবের আল-হারামাইন চ্যানেল থেকে একটি ভাষা নির্বাচন করে খুতবার অনুবাদ শোনা যাবে। তা ছাড়া manaratal haramain ওয়েবসাইট থেকে বিগত বছরের খুতবা ও এর অনুবাদও পাওয়া যাবে।

মঙ্গলবার, ২৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন