প্রিন্ট এর তারিখ : ২৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬
বন্ধ হচ্ছে সাড়ে ৬‘শ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান
নিজস্ব প্রতিবেদক: ||
দীর্ঘদিন কোনো শিক্ষার্থী ভর্তি না করায় দেশের বিভিন্ন স্থানের ৬২১টি ভোকেশনাল শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান অনুমোদন বাতিল হচ্ছে। একই সঙ্গে আগামী শিক্ষাবর্ষ থেকে শিক্ষা ভর্তি কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত আসছে। প্রাথমিক পর্যায়ে এসব প্রতিষ্ঠানের প্রধানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয়া হয়েছে। ২২ জুলাইয়ের মধ্যে এ শোকজের ব্যাখ্যা পাঠাতে বলা হয়।
বৃহস্পতিবার কারিগরি শিক্ষা বোর্ডের এক চিঠিতে তথ্য জানানো হয়েছে। এ চিঠি সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে পাঠানো হয়। চিঠির সঙ্গে এসএসসি ভোকেশনাল শিক্ষাক্রমে ৬২১টি প্রতিষ্ঠানের তালিকা সংযুক্ত রয়েছে।
চিঠি বলা হয়, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) শিক্ষাক্রমের যে সব প্রতিষ্ঠানে দীর্ঘদিন যাবৎ শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে না সে সব প্রতিষ্ঠানকে আগামী ২০২৬-২৭ শিক্ষাবর্ষ হতে ভর্তি কার্যক্রম স্থগিতসহ প্রতিষ্ঠানের পাঠদান অনুমোদন কেনো বাতিল, প্রত্যাহার করা হবে না ২২ জুলাইয়ের মধ্যে ব্যাখ্যা দেয়ার জন্য নির্দেশ দেয়া হলো।
উল্লেখ্য, বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও স্বীকৃতি প্রদান সংক্রান্ত নীতিমালা-২০২৪ এর উপবিধি ৪.২, ৪.৪ এবং ৫.৪ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠানের ভর্তি, ফল, অবকাঠামো, শিক্ষক-কর্মচারী নিয়োগ, ব্যবস্থাপনা কমিটি, আসবাবপত্র, যন্ত্রপাতি, লাইব্রেরি, পাঠদানের অনুমতিকালে আরোপিত এবং অন্যান্য প্রযোজ্য শর্তাবলি পূরণে ব্যর্থ হলে সরকারের অনুমোদনক্রমে বোর্ড পাঠদানের অনুমতি বাতিল, প্রত্যাহার করতে পারবে বলে উল্লেখ রয়েছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত